কুড়িগ্রাম/ ফুলবাড়ী
উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দুইটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর রাত ৮:৪৫ মিনিটে শিংঝাড় বিওপি’র আওতাধীন দক্ষিণ মানিক কাজী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানকালে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তারা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে তল্লাশী করে ফেলে রাখা মালামাল থেকে ভারতীয় ফেন্সিডিল ৯৪ বোতল উদ্ধার করা হয়।
একই দিনে সন্ধ্যা ৬:৩০ মিনিটে বালারহাট বিওপি’র আওতাধীন পূর্ব ফুলমতি এলাকায় অভিযানকালে একটি বাইসাইকেল আটকানোর চেষ্টা করলে চোরাকারবারী পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বাইসাইকেল থেকে ভারতীয় গাঁজা ৩.২ কেজি উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানিয়েছেন, উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য মোট ৫৫,২০০ টাকা। এর মধ্যে ফেন্সিডিল ৯৪ বোতলের মূল্য ৩৭,৬০০ টাকা, ভারতীয় গাঁজা ৩.২ কেজির মূল্য ১১,২০০ টাকা এবং বাইসাইকেল ৭,০০০ টাকা। অভিযানে জড়িত চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।” তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
বিজিবির এই সাহসী অভিযান মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন