বাংলাদেশ
মেহেরপুর সদরে বিলে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

প্রতীকী ছবি
রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার রাজনগর গ্রামে মসুরিভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- আব্দুস সামাদের মেয়ে ফাতেমা (১৪) ও আফিয়া (১২), ইসহকের মেয়ে মিম (১৪) এবং শাহারুলের মেয়ে আলিয়া (১০)। নিহত ফাতেমা মুমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী, মীম আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এবং আফিয়া ও আলিয়া আমঝুপি তৃণমূল মডেল অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে চার শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার শামীম হোসেন জানান, বিলের মাঝে গর্ত থাকায় সেখান থেকে মরদেহ উদ্ধার করতে হয়েছে ফায়ার ফাইটারদের।
চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন।
এরই মধ্যে নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে অর্থ সহায়তাও দিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, জেলায় সাঁতার শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন