নাশকতা পরিকল্পনা ও আন্দোলন ঘিরে কুড়িগ্রামে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 

কুড়িগ্রাম 



নাশকতা পরিকল্পনা ও আন্দোলন ঘিরে কুড়িগ্রামে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি,(উলিপুর, নাগেশ্বরী):

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুর ও নাগেশ্বরী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উলিপুরে সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান (৪২)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম নামাজের চরে মতিয়ার রহমানসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এদিকে একইদিন সকাল ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি হলো— এফআইআর নং: ১৯, তারিখ: ২০ জুলাই ২০২৫ জিআর নং: ১৩৫, তারিখ: ২০ জুলাই ২০২৫ ধারা: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের দেশব্যাপী আন্দোলনকে ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং পুরনো মামলায় পলাতক আসামিদেরও গ্রেফতার করা হচ্ছে।”

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ১৩ নভেম্বর দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়ার পর থেকেই সারাদেশে বিশেষ অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

Post a Comment

নবীনতর পূর্বতন